রায়গঞ্জে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায় সোমবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তিনি বিহারে পালানোর চেষ্টা করছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। বৃহস্পতিবার কুলিক জঙ্গলের ভিতর থেকে তাঁর বিবস্ত্র দেহ উদ্ধার হয়। দেহে পচন ধরেছিল বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ ও খুনের মামলা রুজু করে পকসো আইনে তদন্ত শুরু করে পুলিশ।
ঘটনার পর চার দিন কেটে গেলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্তে জানা যায়, অভিযুক্ত দিলীপ রায় সীমান্তবর্তী গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে আত্মগোপন করে রয়েছেন। সেই সূত্র ধরেই সোমবার ভোর সাড়ে ৩টা নাগাদ পুলিশ অভিযান চালায়।
অভিযোগ, পুলিশ পৌঁছতেই দিলীপ পালানোর চেষ্টা করেন এবং বিহার সীমান্তের দিকে ছুটতে থাকেন। তাঁকে ধাওয়া করলে তিনি ৯ এমএম পিস্তল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। যদিও কোনও পুলিশকর্মী আহত হননি, একটি পুলিশি গাড়িতে গুলি লাগে বলে দাবি তদন্তকারীদের। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে দিলীপ গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র এল কীভাবে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, মৃত নাবালিকার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে তদন্ত সূত্রের দাবি। দেহে একাধিক আঘাতের চিহ্ন এবং হাড় ভাঙার প্রমাণও পাওয়া গেছে। ফলে এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এটি চতুর্থ এনকাউন্টারের ঘটনা বলে জানা গিয়েছে। এর আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অভিযুক্তদের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। তবে সেসব ক্ষেত্রে অভিযুক্তদের গ্রেফতারের পর ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণের সময় এনকাউন্টার হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। রায়গঞ্জের ঘটনা সেই দিক থেকে আলাদা, কারণ এই ক্ষেত্রে অভিযুক্তকে গ্রেফতার করার আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে বলে দাবি প্রশাসনের।
তদন্ত এখনও চলছে। নাবালিকার মৃত্যুর ঘটনায় অন্য কোনও ব্যক্তি জড়িত রয়েছেন কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।


