বিভিন্ন শর্ত পূরণ না হওয়ায় অনেকেই আয়ুষ্মান ভারত কার্ড পাননি। তাই রাজ্য সরকার জানিয়েছে বিকল্প ব্যবস্থা। আয়ুষ্মান ভারতের মতোই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় (MMSBY) মিলবে ৫ লক্ষ টাকার ক্যাশলেস পরিষেবা। তবে অনেকের মধ্যেই এখনো রয়েছে বিভ্রান্তি—এই যোজনায় কীভাবে আবেদন করতে হবে।
রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, কারও কাছে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কার্ড না থাকলেও কোনও অসুবিধা হবে না। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে। শুধু তাই নয়, হাসপাতালে গেলেই পাওয়া যাবে এই যোজনার আবেদনপত্র।
কীভাবে মিলবে MMSBY আবেদনপত্র?
TMS পোর্টালে রোগীর আধার নম্বর দিলেই হাসপাতালের কর্মীরা জানতে পারবেন ওই ব্যক্তি কোনও স্বাস্থ্যবিমায় অন্তর্ভুক্ত আছেন কি না। যদি দেখা যায় স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান প্রকল্পে ওই রোগীর নাম নেই, তাহলে তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার জন্য যোগ্য কি না, তা যাচাই করা হবে। যোগ্য হলে সঙ্গে সঙ্গেই হাসপাতাল থেকে ওই যোজনার ফর্ম রোগীকে দেওয়া হবে। রোগী নিজে বা পরিবারের কেউ ফর্মটি পূরণ করে জমা দিলেই আবেদন সম্পন্ন হবে।
ফর্ম পূরণ করার পর TMS পোর্টালে ‘প্রসিড টু স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট অপশন’ দেখা যাবে। আধিকারিকদের জানানো হয়েছে, আপাতত সেই অপশনে ক্লিক করেই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, হাসপাতালকে পূরণ করা ফর্ম সংগ্রহ করে রাখতে হবে। পরবর্তীতে ওই ফর্মগুলির তথ্য পোর্টালে নথিভুক্ত করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি e-KYC রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।


