কলকাতায় পুজোর পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি মন্তব্য করেন, গুপ্তা বা জয়সবালের মতো অবাঙালি সম্প্রদায় পাশে না-থাকলে উত্তর কলকাতার ভদ্রলোক ও বনেদি বাঙালির অস্তিত্ব থাকত না।
তাঁর এই মন্তব্যের প্রেক্ষাপটে রয়েছে ১৯৪৬ সালের দাঙ্গা। শমীকের বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল বলছে, এর পেছনে রয়েছে ‘হিন্দি বলয়ের রাজনৈতিক প্রভাব’। কংগ্রেসের দাবি, পুরভোটের আগে পুজোর সময় ভোটারদের মনে বিভাজনের বার্তা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। সিপিএমও তাঁর মন্তব্যের নিন্দা করেছে।
রবিবার বৌবাজারে শতদল সঙ্ঘের দুর্গোৎসবের খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন শমীক, সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায় ও উত্তর কলকাতা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ। বক্তৃতায় শমীক বলেন, এ বছর পশ্চিমবঙ্গ ভিন্ন রকমের দুর্গাপুজো দেখবে। তাঁর অভিযোগ, তৃণমূল আমলে সরকার বিসর্জনের সময় ও নির্ঘণ্ট ঠিক করে দিত। এরপর তিনি স্বাধীনতা ও দেশভাগ-পূর্ববর্তী দাঙ্গার প্রসঙ্গ তুলে বলেন, গুপ্তা ও জয়সবালরা সম্পদ উজাড় করে তলোয়ারের জন্য লোহা দিয়েছিলেন, যা উত্তর কলকাতার বাঙালিদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। তাঁরা একজোট হয়ে পাশে দাঁড়িয়েছিলেন। কলকাতাকে জানতে হলে উত্তর কলকাতায় আসতে হবে। দেখুন কি বলেছেন শমীক ভট্টাচার্য।


