বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই-মেইল পেয়েছে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। তবে আবেদনটি সত্যিই শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।
ঢাকার একাধিক কূটনৈতিক সূত্রের দাবি, ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন সংক্রান্ত কোনও নথি সংযুক্ত ছিল না। সাধারণত কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির লিখিত অনুমোদনপত্র থাকে। ফলে আবেদনটির বৈধতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দিল্লির একটি কূটনৈতিক সূত্র সোমবার সকালে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের খবর, ই-মেইলটি পাওয়ার পরই পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা চেয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ হাইকমিশন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও জানিয়েছে, এ ধরনের একটি ই-মেইল পাওয়ার বিষয়টি দিল্লি হাইকমিশন তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করেছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।
- আরো পড়ুন — ভারতকে বিব্রত করার ফল পেলো ট্রাম্প! ভারতীয় বংশোদ্ভূতরাই আমেরিকায় ঘুরিয়ে দিলেন ভোটের খেলা?
সংশ্লিষ্ট সূত্রের বক্তব্য অনুযায়ী, ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী ই-মেইলের শুরুতে উল্লেখ করেন যে তিনি শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করছেন। এরপর শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানানো হয়।
চিঠিতে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জেনেছেন। সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নতুন ভ্রমণ ও পরিচয়পত্র প্রদান করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে দাবি করে, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডি পাওয়ার জন্য আবেদন করেছেন। প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তাঁর পক্ষ থেকে এ আবেদন জমা দেওয়া হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করে ভারতে যাওয়ার পর এই প্রথমবারের মতো এ ধরনের আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ এই পদক্ষেপকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছে। যদিও এ বিষয়ে তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।


