আরজি কর নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
আরজি কর ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন। এবার আরজি কর নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্যের বিরুদ্ধে স্বস্তিকা মুখোপাধ্যায় মুখ খুলেছেন। ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেছেন, তিনি কখনও ছোট পর্দার অনুষ্ঠান ‘দাদাগিরি’তে যাননি এবং ভবিষ্যতেও যাবেন না বলে স্থির করেছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় মিডিয়ার সামনে বলেন, “আমি মনে করি না যে একটি পৃথক ঘটনা কিছুকে অনিরাপদ করে তোলে, এমন ধারণা ঠিক নয়। পৃথিবীর সর্বত্রই এমন দুর্ঘটনা ঘটে থাকে। একটি ঘটনার ভিত্তিতে সবকিছু বিচার করা উচিত নয়। তবে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।” এই মন্তব্যের ফলে সৌরভ সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন।
স্বস্তিকা তাঁর পোস্টে উল্লেখ করেছেন, “আমি কখনও দাদাগিরির অনুষ্ঠানে যাইনি, যাওয়া হয়নি, এবং ভবিষ্যতেও যাব না। এটা দুর্ঘটনাবশত নয়, নিজের ইচ্ছায় যাব না। ধর্ষণ ও খুন কোনও দুর্ঘটনা নয়, এবং নিশ্চিতভাবে এগুলি বিচ্ছিন্ন ঘটনাও নয়। আমাদের দেশে কোনও বয়সের মেয়েরাই নিরাপদ নয়, কোনও রাজ্যেই নয়। ধর্ষণ এবং খুন ইচ্ছাকৃত কাজ। যারা এগুলি করেছে বা করে, তারা ইচ্ছে করেই করেছে বা করে। যাদের ঘুম এখনও ভাঙেনি, তাদের আর ভাঙবে না।”
পোস্টের শেষে নাম উল্লেখ না করে স্বস্তিকা কটাক্ষ করেছেন, “আমাদের প্রিয় আইকন, আপনি যদি এই হিংসার ঘটনাকে এত তুচ্ছ হিসেবে না দেখতেন।” স্বস্তিকা এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বারবার পোস্ট করছেন। শুক্রবার তিনি সরকারের উদ্দেশে লিখেছেন, “ক্রোধ, অসহায়তা, ভয়— এই অনুভূতিগুলো যেন আমাদের মধ্যে থেকে যায়, যতক্ষণ না আমরা আবার নিরাপদ বোধ করি। সরকারের এখন জেগে ওঠা উচিত। আরও কঠোর আইন এবং শাস্তি প্রয়োগ করা উচিত নিরাপত্তা রক্ষার জন্য। আমাদের বিচার চাই। এখনই চাই।”


