ইরানের উপর মিসাইল ও ড্রোন হামলা আরও জোরদার করেছে আমেরিকা, সঙ্গে তাল মিলিয়ে চলেছে ইজরায়েলও। এর পাল্টা হিসেবে ইরানও লাগাতার প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে বিশ্বজুড়ে তেলের বাজার ও আন্তর্জাতিক অর্থনীতিতে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইরানের হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। রাতারাতি জ্বালানির দাম বৃদ্ধি থেকে এলপিজি সঙ্কট—গত কয়েক দিনে দেশজুড়ে হঠাৎ হাহাকার শুরু হয়েছে। তবে এবার ভারতের জন্য সুখবর এনেছে ইরান।
সূত্রের খবর, ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছেন। এরপরই ইরান বড় সিদ্ধান্তের ঘোষণা করে। জানা গেছে, হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ট্যাঙ্কারগুলিকে যাতায়াতের অনুমতি দিয়েছে ইরান। বর্তমান সঙ্কটে এই ঘটনাকে ভারতের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে অভিজ্ঞ মহল।
- আরও পড়ুন – ‘কবে থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হতে চলেছে ‘ ! শর্ত ও সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর!
পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মাঝে ভারতের জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে ইরানের সঙ্গে আলোচনা করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এরপর ইরান জানায়, ভারতীয় পতাকা বহনকারী জাহাজকে তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেবে। ভারতের কোনও পতাকাবাহী জাহাজের উপর আক্রমণ হবে না। এর আগে চিন ও রাশিয়ার জাহাজের ক্ষেত্রেও একই ঘোষণা করেছিল ইরান। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারত।
বুধবার পর্যন্ত ২৮টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে বলে জানা গেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগপথ, যার মাধ্যমে বিশ্বব্যাপী অধিকাংশ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়।


