কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা সংক্রান্ত মতামতের জন্য তাঁকে আগে এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ডের কাছে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তবে সাংসদ সেখানে যেতে সম্মত না-হওয়ায় বুধবার তাঁর আবেদনটি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ।
- আরও পড়ুন – মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর হামলার ছক ? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী জইশ-জঙ্গিরা !
আদালত সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার উদ্দেশ্যে তিন সপ্তাহের জন্য আমেরিকা সফরে যেতে চান অভিষেক। পূর্বেও উক্ত একই চিকিৎসকের অধীনে তাঁর চোখে দু’বার অস্ত্রোপচার হয়েছিল বলে তাঁর আইনজীবীরা জানান। আদালতকে তাঁরা আবেদন জানান, পূর্বের চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে উক্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত জরুরি।
তবে শুনানিকালে বিচারপতি মন্তব্য করেন, দেশে বা শহরে উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন বিদেশ যাওয়া প্রয়োজন, তা দেখা দরকার। এর প্রেক্ষিতেই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে গঠিত একটি বিশেষ মেডিক্যাল বোর্ড অভিষেকের স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট জমা দেবে। বোর্ডের মতামতের ওপর ভিত্তি করেই পরবর্তীতে বিদেশযাত্রার বিষয়টি বিবেচনা করার কথা জানানো হয়।
- আরও পড়ুন – ‘তাঁদের ফেরত পাঠানো হবে’, জনগণনা উদ্বোধন করেই বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
অভিষেকের আইনজীবী আদালতে স্পষ্ট জানিয়ে দেন যে তাঁর মক্কেল কোনও পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজতে না থাকায় এবং জামিনে মুক্ত থাকায় এ ধরনের চিকিৎসা সংক্রান্ত বোর্ডে উপস্থিত হতে ইচ্ছুক নন। এর পর সাংসদের আবেদনটি আনুষ্ঠানিকভাবে খারিজ ঘোষণা করেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ |


