আর জি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে বিদ্রোহ দেখে বাংলাদেশ-আতঙ্ক দেখছেন উদয়ন-কল্যাণরা?
১৪ অগাস্ট মধ্যরাতে যখন মহিলাদের আন্দোলনে সারা দেশ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছিল, তখন তৃণমূল নেতাদের মধ্যে কুণাল ঘোষ এবং উদয়ন গুহ যারা তীর্যক মন্তব্য করেছিলেন, তাঁরা ছিলেন প্রধান। উদয়ন গুহ সেদিন বলেছিলেন, ‘স্বামীরা মারলে রাতে কোনও মহিলা যেন ফোন করে আমার কাছে সাহায্য না চান।’ এবার উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী আরও একধাপ এগিয়ে বলেন, ‘মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ আঙুল তুললে সেই আঙুল ভেঙে দিতে হবে।’
আরজি কর-কাণ্ডের মধ্যেই উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের প্রতিবাদ সভা থেকে প্রকাশ্যে আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। ‘যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে এবং আঙুল তুলছে, সেই আঙুলগুলো চিহ্নিত করে ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে। নতুবা তারা বাংলাকে নতুন করে বাংলাদেশ বানানোর চেষ্টা করবে। তবে তারা জানে না, শেখ হাসিনা যে ভুল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না, করেননি। তাই আরজি করে ভাঙচুর করার পরেও পুলিশ গুলি চালায়নি, এবং পুলিশ বাংলাদেশ তৈরি হতে দেবে না।’
আর জি কর ঘটনায় এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলেছেন অনেক বিক্ষোভকারী। সর্বত্র ছড়িয়ে পড়ছে আন্দোলনের তরঙ্গ। এই পরিস্থিতিতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও শোনা গেল হুঁশিয়ারির সুর। তিনি রাম-বাম চক্রান্তের অভিযোগ করেন এবং বলেন, ‘অনেক গালাগাল দিচ্ছেন, সামলাতে পারবেন কি?’ তিনি আরও বলেন, ‘ভাবছেন গান গেয়ে এবং স্প্যানিশ গিটার বাজিয়ে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করা যাবে? এত সহজ নয়, এত সহজে হবে না।’
আরজি কর মেডিক্যালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। এরই মধ্যে, তৃণমূলের দুই নেতা আন্দোলনকারীদের প্রতি হুমকি ও হুঁশিয়ারি জারি করেছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচি নিয়ে তৃণমূলের ভেতরেই ভিন্ন মত প্রকাশ পেয়েছে। কুণাল ঘোষ ও উদয়ন গুহ যখন ‘রাত দখল’ নিয়ে কটাক্ষ করেছেন, তখন সুখেন্দুশেখর রায়, শান্তনু সেন, প্রতিমা মণ্ডল, মনোরঞ্জন ব্যাপারী প্রমুখ তৃণমূল নেতারা আন্দোলনকারীদের সমর্থন করেছেন।
এই পরিস্থিতিতে, আরজি কর ঘটনায় তৃণমূলের প্রতিবাদ মিছিল থেকে উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আন্দোলনকারীদের প্রতি হুমকি ও হুঁশিয়ারি জারি করেছেন।


